বর্ণবাদী মন্তব্যের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালে অ্যান্ডিল ফেলুকায়োকে উর্দু ভাষায় কালো বলে মন্তব্য করেছিলেন সরফরাজ। যা নিয়ে তোলপাড় হয়েছে ক্রিকেট দুনিয়ায়।
এ ঘটনায় স্বদেশি শোয়েব আক্তার এক ভিডিও বার্তায় সরফরাজকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। সরফরাজ যাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। সাবেক ফাস্ট বোলার শোয়েবের ওপর একরকম তোপ ঝেড়েছেন সরফরাজ।
ফেলুকায়োকে নিয়ে সেই ঘটনার পর সরফরাজ টুইট করে ক্ষমা চেয়েছেন নিজের মন্তব্যের জন্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডও দুঃখ প্রকাশ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডর কাছে। কিন্তু আইসিসি বরাবরই বর্ণবাদ ইস্যুতে জিরো টলারেন্সের কথা বলে বলে আসছে। সরফরাজকে তাই আইসিসি নিষিদ্ধ করেছে চার ম্যাচের জন্য।
সরফরাজ নিষিদ্ধ হওয়ায় দক্ষিণ আফ্রিকা সিরিজে পাকিস্তানকে এখন নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ ও টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না সরফরাজ। তাকে ফিরে আসতে হয়েছে দেশে।
করাচি বিমানবন্দরে পৌঁছালে সরফরাজকে স্বাগত জানান কিছু ভক্ত। এ সময় জিও টিভিকে সরফরাজ বলেন, ‘‘সে (শোয়েব) আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, সমালোচনা করেনি।’’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় শোয়েব বলেছিলেন, ‘‘পাকিস্তানি হিসেবে এটি মোটেও গ্রহণযোগ্য নয়। আমার মতে সে ওই মুহূর্তের চাপে এমনটা করেছে। আমার মতে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।’’
আর সরফরাজ যা হওয়ার হয়ে গেছে উল্লেখ বলছেন, ‘‘আমি আমার ভুল স্বীকার করেছি। আইসিসির সিদ্ধান্তও আপনার সামনে। আমি ভবিষ্যতে নিজেকে ও নিজের পারফরম্যান্স উন্নতি করব। আমাকে সমর্থন করার জন্য আমার সমর্থকদের ধন্যবাদ।’’
সরফরাজ অবশ্য এই ঘটনায় অনেকের সমালোচনা যেমন শুনছেন, তেমনি অনেককে পাশেও পাচ্ছেন। নিষেধাজ্ঞা শেষে তৃতীয় টি-টোয়েন্টি খেলবেন সরফরাজ। এরপর তাকে দেশে ফিরিয়ে আনায় যেমন পিসিবির ওপর ক্ষোভ ঝেড়েছেন ওয়াসিম আকরাম, সরফরাজ নওয়াজের মতো সাবেকেরা।
