নিজ প্রশাসনের গোয়েন্দা প্রধানের ওপর খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ‘সাদাসিধে’ এবং তার সংস্থার কাজকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন তিনি।
ইরানের পরমাণু অস্ত্র নিয়ে সঠিক তথ্য দিতে না পারায় ট্রাম্প মূলত এভাবে আক্রমণ করেন সংস্থাটিকে।
টুইটে তিনি বলেন, ‘ইরানকে নিয়ে সতর্ক থাকুন। সাদাসিধে গোয়েন্দা প্রধানকে সম্ভবত স্কুলে ফিরে যাওয়া উচিত।’
মার্কিন গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে দাবি করেছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না। উত্তর কোরিয়াও পরমাণু অস্ত্র মজুত করা ছেড়ে দিয়েছে।
জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যান কোয়াটস এবং অন্য কর্মকর্তারা মঙ্গলবার সিনেটে বৈশ্বিক হুমকি সম্পর্কিত ওই প্রতিবেদনটি উপস্থাপন করেন।
২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করেন। গত বছর মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তিকে ‘ক্ষয়ে যাওয়া, পচা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানের সঙ্গে করা এই পরমাণু চুক্তির কারণে মার্কিন নাগরিক হিসেবে আমি লজ্জিত।’
ওই সময় ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়ে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
