দলে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো ও পাওলো দিবালা। তবুও আতালান্তার রক্ষণে ফাটল ধরাতে পারেনি ইউভেন্তুস। উল্টো স্বাগতিক দলটির কাছে ইতালিয়ান কাপ থেকে বিদায় নিতে হলো তাদের।
বুধবার রাতে ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে আতালান্তার কাছে ৩-০ গোলে হারে ইউভেন্তুস। এই পরাজয়ে প্রতিযোগিতাটিতে এবার শিরোপা স্বপ্ন শেষ আটেই ভেঙে গেল রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের।
জোড়া গোল করেছেন আতালান্তার কলম্বিয়ান স্ট্রাইকার দুভান সাপাতা। টিমোথি কাস্তাগনে ও সাপাতার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন সাপাতা।
ম্যাচটিতে নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। দ্বিতীয় গোল হজমের পর জ্যাকেট খুলে ছুড়ে মারেন ইতালিয়ান এই কোচ। ম্যাচ অফিসিয়ালের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে বহিষ্কৃত হন ডাগআউট থেকে।
আতালান্তার বিপক্ষে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো ইউভেন্তুস। ডিসেম্বরে লিগে এই মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছিল তুরিনের ক্লাবটি।
দিনের আরেক ম্যাচে রোমাকে ৭-১ গোলে উড়িয়ে সেমি-ফাইনালে উঠেছে ফিওরেন্তিনা।
