৬০০ কোটি রুপি ফিরিয়ে দিলেন প্রীতি জিনতা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১০:৫৯ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার জন্মদিন বৃহস্পতিবার। বিশেষ এ দিন নিয়ে ‘ক্যায়া কেহনা’ নায়িকার রয়েছে নানান পরিকল্পনা। আর সেই দিন সংবাদমাধ্যমের শিরোনাম হলো অন্য একটি খবর।

জানা গেছে, ৬০০ কোটি রুপির সম্পত্তি হাতে পেয়েও ফিরিয়ে দিয়েছেন প্রীতি।

অভিনয়ে অনেক দিন নেই এ তারকা। আইপিএল টিম কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক তিনি। দলটি বেশ লাভজনক। কয়েক বছর ধরে এর পেছনেই বেশির ভাগ সময় তিনি। বোঝা যাচ্ছে, নিজের পরিশ্রমের ওপর বেশি ভরসা প্রীতির। তাই তো অনায়াসে ৬০০ কোটি রুপির সম্পত্তি থেকে মুখ ফিরিয়ে নিতে পারলেন।

প্রীতি এই সম্পত্তি পেয়েছিলেন শানদার আম্রোলির সূত্রে। বলিউডের পরিচালক কামাল আম্রোলির ছেলে শানদার প্রীতিকে দত্তক নিয়েছিলেন। তার মৃত্যুতে এই সম্পত্তির মালিক হন প্রীতি। কিন্তু তিনি একদমই না করে দিলেন। জানালেন, এ সম্পত্তির প্রতি তার আগ্রহ নেই।

২০১৮ সালে মুক্তি পায় প্রীতির পুরোনো ছবি ‘ভাইয়াজী সুপারহিট’। এ ছাড়া ক্যামিও চরিত্রে হাজির হন ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ। আপাতত পুরোদমে অভিনয়ে ফেরার সম্ভাবনা নেই তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত