দীর্ঘ ১৪ বছরের প্রেমের বন্ধন তাদের। এই সময়ে একজন আরেক জনের পাশে থেকেছেন সব সময়। তবে দুজনের বন্ধনটা এত দিনে পরিণতির দিকে গড়াচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বান্ধবী মেরি পেরেলোকে বিয়ে করতে যাচ্ছেন বর্তমান বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল।
স্প্যানিশ পত্রিকা ওলা জানিয়েছে, এ বছর শেষের দিকে বিয়ের বাঁধনে আবদ্ধ হবেন নাদাল-পেরেলো। ইতিমধ্যে বাগদানও সেরে ফেলেছেন বলে খবর।
গেল রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে যান স্প্যানিশ তারকা নাদাল। ওলা তাদের খবরে বলছে, গেল মে মাসে নাদাল পেরেলোকে বিয়ের প্রস্তাব দেন। যখন তারা অবকাশ কাটাতে ইতালির রোমে ছিলেন।
নাদাল যখন সবে আবির্ভূত হলেন টেনিসে, তখন থেকেই পেরেলোর সঙ্গে প্রেম। কখনোই দুজনের বন্ধনটা ছিঁড়ে যায়নি। পেরেলো ব্যবসা প্রশাসনে ডিগ্রি নিয়েছেন। বর্তমানে কাজ করছেন নাদালেরই টেনিস একাডেমিতে।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নাদালকে সমর্থন করতে দর্শকসারিতে দেখা গেছে পেরেলোকে। যদিও নাদালের খেলার সময় তার দেখা পাওয়া দুষ্কর। কারণ নাদালের মন যাতে কোনো কিছুতে সরে না যায়, সে কারণে নিয়মিত মাঠে আসতেন না তিনি।
