বাংলাদেশ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। ১লা ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে এই সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। যারা আগামী এক বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
সিলেকশন প্রক্রিয়ায় নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রযোজক ও পরিবেশক আতিকুর রহমান লিটন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রযোজক ইকবাল।
দেশ রূপান্তরকে ইকবাল বলেন, ‘ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বেশ ভালো লাগছে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার ফলেই সিলেকশন প্রক্রিয়ায় আমাদেরকে নির্বাচিত করা হয়। আশা করছি চলচ্চিত্রের মানুষদের সেবা করতে পারব।’
জানা যায়, শুক্রবার দুপুরে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে বার্ষিক সাধারণ সভা ২০১৯ (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএমের পর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। পরে সাধারণ সভায় সবার সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা দুজন। এ ছাড়া সিলেকশন প্রক্রিয়ায় ১০ জন বোর্ড অব ডাইরেক্টরস নির্বাচিত করা হয়েছে।
ক্লাবের ১০ জন কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন- জাহিদ হোসেন, কামাল উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন আনু, আবদুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, মাহমুদুল হক পলাশ, মো. জসিম আহমেদ, অপূর্ব রায় ও নজরুল ইসলাম খান।
