মাঝারি দামের ফোনের বাজার নিয়ন্ত্রণ করতে নতুন একটি স্মার্টফোন আনছে শাওমি। নতুন এই স্মার্টফোনটির নাম ‘রেডমি গো’। এরই মধ্যে ফিলিপাইনে শুরু হয়েছে এই ফোনের প্রি-অর্ডার পর্ব। আশা করা হচ্ছে, বাংলাদেশের বাজারেও খুব শিগগিরই হাজির হবে এই ফোন। ধারণা করা হচ্ছে, ১০ হাজার টাকার মধ্যেই এই ফোনটি মধ্যবিত্ত শ্রেণির নজর কাড়তে সক্ষম হবে। নীল ও কালো রঙের মডেলে মিলবে শাওমির রেডমি গো।
চীনা কোম্পানি শাওমি এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপিয়ান মার্কেটে এরমধ্যে যাত্রা শুরু করেছে সাশ্রয়ী দামের ‘গো এডিশন’। তবে, ভারত কিংবা বাংলাদেশের বাজারে এই ফোন কবে লঞ্চ হবে, তা নিয়ে অবশ্য শাওমির তরফ থেকে কিছু জানানো হয়নি।
শাওমির রেডমি গো-তে পাওয়া যাবে ১ জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারনাল মেমোরি। ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে ফোনের মেমোরি। এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড-৮.১ ওরিও (গো এডিশন) অপারেটিং সফটওয়্যার। থাকবে ১ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর। ৫ ইঞ্চি ও ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওর এইচডি রেজোলিউশনের সঙ্গে ৭২০পি স্ক্রিন থাকবে ফোনটিতে। মাসখানেক আগেই গুগল অ্যান্ড্রয়েড ‘গো এডিশন’ ফোন লঞ্চ করে, যা ১ জিবি ও তার কম র্যামেও চলছে। ৪.৫ ইঞ্চির ডিসপ্লের ফোনটিতে পাওয়া যাবে কোয়াড-কোর প্রসেসর। ১ জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে ফোনটিতে। এ বছর বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নোকিয়া কোম্পানি প্রথমবার নোকিয়া ওয়ান অ্যান্ড্রয়েড গো ফোন আনা হচ্ছে বলে জানিয়েছিল।
অ্যান্ড্রয়েড ওরিও গো এডিশনের ফোনগুলোর র্যাম কম হলেও চমৎকার চলবে বলে জানানো হয়েছে। ফোনগুলোতে ১ জিবি করে র্যাম পাওয়া যাবে। এই এডিশনটি অ্যান্ড্রয়েডের উন্নতমানের আগাম ভার্সন। এই অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপগুলোকেও উন্নত করা হয়েছে। যে কারণে কম র্যাম সত্ত্বেও অনায়াসে ব্যবহার করা যাবে বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ।
মাঝারি দামের ফোনের বাজারে এখন আক্ষরিক অর্থেই রেডি স্টেডি ‘গো’!
