রাঙ্গামাটির কাপ্তাইতে তৃতীয় শ্রেণিপড়–য়া এক ছাত্রীকে হত্যার অভিযোগে তার গৃহ শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক উম্বাচিং মং মারমা (৪০) উপজেলার রাইখালী ইউনিয়নে পূর্ব কোদালা গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার ভোরে মৃত শিশুটিকে বস্তাবন্দি করে ফেলে দেওয়ার সময় এলাকাবাসী তাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে বলে চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানিয়েছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, শনিবার সকালে চার শিশু পূর্ব কোদালা গ্রামে উম্বাচিংয়ের বাসায় পড়তে যায়। সকাল ৭টা থেকে ৯টা
পর্যন্ত পড়ানোর পর তিনজনকে ছুটি দিলেও তৃতীয় শ্রেণিপড়–য়া ওই শিশুকে তিনি রেখে দেন। পরে ওই শিশুর পরিবারের সদস্যরা তার খুঁজতে উম্বাচিংয়ের বাসায় গেলে তিনি সবাইকে ছুটি দিয়েছেন বলে জানালেও তার কথায় অসংলগ্নতা পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তারা রাতে শিশুটির নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানায়।
ওসি আশরাফ বলেন, গতকাল ভোর ৪টার দিকে মৃত শিশুটিকে বস্তাবন্দি করে ফেলে দেওয়ার চেষ্টা চালান উম্বাচিং। কিন্তু স্থানীয়দের হাতে তিনি ধরা পড়ে যান। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে ওই শিশুর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আজ তাকে আদালতে তোলা হবে।
