বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি'র (ইটিভি) প্রধান প্রতিবেদক এম এম সেকান্দারের পক্ষ নিয়েছেন তার স্ত্রী নিলুফার ইয়াসমিন। একই সঙ্গে তিনি গ্রেপ্তারের সময় র্যাব তার স্বামীকে মারধর করেছে বলেও অভিযোগ করেন।
রবিবার রাত আড়াইটার দিকে র্যাব ২-এর একটি দল সেকান্দারকে তার বনশ্রীর বাসা থেকে গ্রেপ্তার করে। এরপর সোমবার সকালে তাকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়।
হাতিরঝিল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করীম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এক নারী তার বিরুদ্ধে মামলা করেছেন।
যৌন হয়রানির অভিযোগে নারী সহকর্মীর করা মামলায় সোমবার জিজ্ঞাসাবাদের জন্য এম এম সেকান্দারের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।
র্যাব কর্মকর্তা পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, সেকেন্দারের এক নারী সহকর্মীর কাছ থেকে যৌন হয়রানির অভিযোগ তারা পান। এরপর রোববার শেষ রাতে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সেকান্দারের স্ত্রী নিলুফার ইয়াসমিন অভিযোগ করেছেন, পেশাগত বিরোধের শিকার তার স্বামী। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন, র্যাব গভীর রাতে তাদের বাসায় হানা দিয়ে সেকান্দারকে টেনেহিঁচড়ে নিয়ে আসে। এসময় গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তাকে মারধর করা হয়।
তার 'চুলের মুঠি ধরে তাকে অপমানও' করা হয় বলে সাংবাদিকদের জানান নিলুফার।
হাতিরঝিল থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মবিন আহমেদ সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সেকান্দারের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কর্মকার ও তুহিন হাওলাদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
×
