নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাশিদা বেগম (২৮) নামের প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর গ্রামের তার বাবার বাড়ি থেকে এই লাশটি উদ্ধার করা হয়। নিহত রাশিদা পার্শ্ববর্তী চৈতনকান্দা গ্রামের মাঈনুদ্দিনের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাসির উদ্দিন জানান, ৮ বছর আগে চৈতনকান্দা গ্রামের খলিল মিয়ার ছেলে মাঈনুদ্দিনের সঙ্গে পাশের মানিকপুর গ্রামের গনির মেয়ে রাশিদার বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এর আগে সঠিক করে কিছু বলা যাবে না। লাশ ময়নাতদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
