বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু অভিযোগ করে বলেন, দেশে বর্তমানে সড়ক দুর্ঘটনা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে সড়কে। এটা কি দেখার কেউ নেই? এই পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা বন্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তা সার্বিকভাবে দেশের মানুষকে জানাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সংসদে বিবৃতি দাবি করেন তিনি। গতকাল মঙ্গলবার মুজিবুল হক চুন্নু জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান। চুন্নু বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বেশি হয়। কিন্তু ইদানীং এই সড়ক দুর্ঘটনা আরও বেশি হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা বন্ধে মন্ত্রিসভার বৈঠকে দূরপাল্লার যানবাহনে পাঁচ ঘণ্টার বেশি হলে বিকল্প চালক রাখাসহ বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়ন হচ্ছে কি না জানা নেই।
‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে দেখা যায়, সড়কে গিয়ে সিএনজি চালকের লাইসেন্স আছে কি না দেখেন। এই যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, এটা দেখার কেউ নেই। এতে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে বলব, সড়ক দুর্ঘটনা বন্ধে সার্বিক বিষয়ে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, কী সিদ্ধান্ত নিয়েছে সেটা মানুষকে জানাতে হবে। এ ব্যাপারে জাতীয় সংসদে ৩০০ বিধিতে একটি বিবৃতি দাবি করছি।
