লিগের পঞ্চম রাউন্ড শুরু আজ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৮ এএম

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের খেলা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ তাদের প্রতিপক্ষ টিম বিজেএমসি। একই ভেন্যুতে দিনের অন্য খেলায় গতবারের রানার্সআপ শেখ জামাল ধানম-ি ক্লাব মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘের। প্রথম চারটি ম্যাচ নিজেদের হোম ভেন্যু ময়মনসিংহ স্টেডিয়ামে খেলার পর আজ প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে তারুণ্যনির্ভর আরামবাগ।

আগের চার ম্যাচে আবাহনী জিতেছে তিনটিতে। একমাত্র হারটি বসুন্ধরা কিংসের বিপক্ষে নীলফামারীতে। সর্বশেষ ম্যাচে আবাহনী ৫-১ গোলের বড় ব্যবধানে রহমতগঞ্জকে হারিয়েছে। লিগের তৃতীয় হ্যাটট্রিকটি নিজের করে নিয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। এর আগে মুক্তিযোদ্ধার আইভরিয়ান ফরোয়ার্ড বালো ফামোসা লিগের প্রথম হ্যাটট্রিক করেন। দ্বিতীয়টির মালিক আরামবাগের বর্ষীয়ান রাইট উইঙ্গার জাহিদ হোসেন। ময়মনসিংহে নিজেদের মাঠে মোহামেডানকে তার হ্যাটট্রিকে ৪-১ গোলের লজ্জা দেয় আরামবাগ।

চতুর্থ রাউন্ড শেষে সমান ৯ পয়েন্ট করে রয়েছে বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র, আরামবাগ, আবাহনী এবং সাইফ স্পোর্টিং ক্লাবের। এর মধ্যে প্রথম দুটি দল একটি করে কম ম্যাচ খেলেছে। গোলগড় হিসাব করলে তালিকায় প্রথম নামটি বসুন্ধরা কিংস। তিন ম্যাচের সবকটি জেতা দলটি ছয় গোল করে এখনো একটিও হজম করেনি। চতুর্থ রাউন্ডে দলটির ছিল বিরতি। পঞ্চম রাউন্ডে বসুন্ধরা তাদের চতুর্থ ম্যাচটি খেলবে ৯ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধার বিপক্ষে গোপালগঞ্জে। সেদিনই রহমতগঞ্জ ঢাকায় মোকাবিলা করবে এখনো পয়েন্টের খাতা না খোলা নোফেল স্পোর্টিংয়ের। ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম আবাহনী খেলবে ব্রাদার্সের বিপক্ষে এবং সাইফ মুখোমুখি হবে শেখ রাসেলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত