ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিএনপির দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল সোমবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি একাদশ সংসদ নির্বাচনের সমালোচনা করে ডাকসু নির্বাচন যাতে তেমন না হয়, সে আহ্বানও জানান। নজরুল ইসলাম খান বলেন, যারা বিরোধী দল করেন, সরকার তাদের নানাভাবে হেনস্তা করছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, খুন ও গুম করা হচ্ছে। এ রকম একটি জটিল পরিস্থিতিতে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তবে বিএনপির বক্তব্য হচ্ছে, ডাকসু নির্বাচন যেন জাতীয় নির্বাচন এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয়। এটা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিয়োজিত। ফলে ডাকসু নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কারণ আছে। সারা দেশে বিএনপিকে রাজনৈতিক কর্মকা- করতে না দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের ঘরবাড়িতে থাকতে পারছেন না, তেমনি দেশের ছাত্ররা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে পারে না। ছাত্রসমাজ যুগে যুগে এদেশের জনগণকে পথ দেখিয়েছে মন্তব্য করে নজরুল ইসলাম খান আশা প্রকাশ করে বলেন, সেই ছাত্রসমাজ তাদের প্রতিষ্ঠানের নির্বাচনও সুষ্ঠু করার জন্য সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বে। তিনি বলেন, যারা গণতন্ত্র জবাই করে আর যারা গণতন্ত্র পুনরুদ্ধার করেএই লড়াইটা হবে মূলত তাদের মধ্যে। সাংবাদিকদের এক প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখন বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নেই। তবে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা বাধা হবে না। বিএনপি আ বিশ্বাস করতে চায়, যে ছাত্র সংগঠনগুলো আছে তারা তাদের মতপ্রকাশ এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। এ সময় সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ছাত্রসমাজ সরকারকে বাধ্য করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ড্যাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, সদস্য সচিব ডা. ওবায়দুল কবির খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।
