রাত পোহালেই বাংলাদেশ-নিউ জিল্যান্ড মধ্যকার ক্রিকেট লড়াই। মাসব্যাপী সফরে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে ও তিন ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
ন্যাপিয়ারে বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে দল দুটির মধ্যকার প্রথম ওয়ানডে। চ্যানেল নাইনে দেখা যাবে সিরিজের সবগুলো ম্যাচ।
বিপিএলের কারণে বাংলাদেশ দলের সব খেলোয়াড় একসঙ্গে নিউ জিল্যান্ডে উড়াল দিতে পারেনি। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও মোহাম্মদ সাঈফউদ্দিন দেরিতে রওনা দেন।
তাদেরকে ছাড়া বাকিদেরকে নিয়ে রোববার কিউইদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ২ উইকেটে হারে বাংলাদেশ। তাতে লিটস দাস, মমিনুল, সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন ভালো করতে না পারলেও ব্যাটিং প্রস্তুতি দারুণ হয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর।
দেশ ছাড়ার আগে প্রত্যাশার কথা শুনিয়ে গেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী। তার মতে, এই সফর বাংলাদেশের জন্য বিশ্বকাপ প্রস্তুতির ভালো মঞ্চ হতে পারে।
“খারাপ হলে সবাই সমালোচনা করবে, ভালো হলে প্রশংসা করবে। তবে অবশ্যই জেতার চেষ্টা করবো। নিজেদের সেরাটাই খেলব আমরা। আমরা এই সিরিজকে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি হিসেবে দেখছি।”
আসছে জুলাইয়ে ইংল্যান্ডে বসবে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। দেশটির উইকেট-পরিবেশ নিউ জিল্যান্ডের মতোই। বিশ্বকাপ প্রস্তুতির ক্ষেত্রে সিরিজটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা হচ্ছে।
১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ওয়ানডে ও ২০ ফেব্রুয়ারি হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
নিউ জিল্যান্ড সফর সূচি
ওয়ানডে সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৩ ফেব্রুয়ার ১ম ওয়ানডে নেপিয়ার সকাল ৭টা
১৬ ফেব্রুয়ারি ২য় ওয়ানডে ক্রাইস্টচার্চ ভোর ৪টা
২০ ফেব্রুয়ারি ৩য় ওয়ানডে ডানেডিন ভোর ৪টা
টেস্ট সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ ১ম টেস্ট হ্যামিল্টন ভোর ৪টা
৮–১২ মার্চ ২য় টেস্ট ওয়েলিংটন ভোর ৪টা
১৬–২০ মার্চ ৩য় টেস্ট ক্রাইস্টচার্চ ভোর ৪টা
