যে দর্শকেরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি তারা ঘরে বসেই টিভি পর্দায় উপভোগ করতে পারবেন হুমায়ূন আহমেদের গল্প থেকে নির্মিত সিনেমা ‘দেবী’। কারণ প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে বহুল আলোচিত ও দর্শকনন্দিত সিনেমাটি। পয়লা ফাল্গুন ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ছবিটি। পয়লা ফাল্গুন যারা দেখতে পারবেন না তাদেরও নিরাশ হওয়ার কারণ নেই। পরের দিন ভালোবাসা দিবসেও একই সময়ে ছবিটি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
সরকারি অনুদান পাওয়া ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রযোজনা করেছেন অভিনেত্রী জয়া আহসান। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ।
