‘সমকামী’ বলে চার ম্যাচ নিষিদ্ধ গ্যাব্রিয়েল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে আসছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিতে খেলতে পারবেন না এই ৩০ বছর বয়সী।

সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সঙ্গে বিতর্কে জড়ান গ্যাব্রিয়েল। এ সময় রুটকে সমকামী বলেছিলেন বলে ধারণা করা হচ্ছিল। ম্যাচ শেষে দুই আম্পায়ার গ্যাব্রিয়েলকে অভিযুক্ত করেন। যা প্রমাণিত হওয়ায় তিনটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয় এই ক্যারিবিয়ান পেসারকে।

আগে থেকেই ৫টি ডিমেরিট পয়েন্ট ছিল গ্যাব্রিয়েলের। ২৪ মাসের মধ্যে নামের পাশে ৮টি ডিমেরিট পয়েন্ট জমা পড়ায় চার ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ হয়েছেন গ্যাব্রিয়েল।

সেন্ট লুসিয়া টেস্ট ২৩২ রানে জিতে নেয় ইংল্যান্ড। তবে প্রথম দুই টেস্ট জেতায় সিরিজ ২-১ এ নিজেদের করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ টেস্টের তৃতীয় দিন দুই ব্যাটসম্যান রুট ও জো ডেনলির সঙ্গে কিছু একটা নিয়ে কথার লড়াইয়ে জড়ান গ্যাব্রিয়েল। স্ট্যাম্প মাইক্রো ফোনে গ্যাব্রিয়েলকে বলা জো রুটের বলা এই কথা তখন ধরা পড়ে, ‘‘এই কথা বলে তুমি অপমান করতে পার না। সমকামী হওয়া দোষের নয়।’’

রুটকে ‘সমকামী’ বলার দায়ে অভিযুক্ত হন গ্যাব্রিয়েল। তাকে আইসিসির আচরণবিধি ২.১৩ ধারায় ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার ম্যাচ রেফারি জেফ ক্রোর সামনে হাজির হন গ্যাব্রিয়েল এবং দোষ শিকার করে নেন।

আইসিসির লেভেল ২ ধারা ভঙ্গের জন্য ম্যাচ ফি’র সর্বোচ্চ ৫০ থেকে ১০০ শতাংশ জরিমানা ও এক থেকে দুইটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে থাকে। ক্রিকেটারের অতীত রেকর্ডের ওপর ডিমেরিট পয়েন্ট তিন থেকে চারও হতে পারে।

আগেই ৫টি ডিমেরিট পাওয়া গ্যাব্রিয়েলের রেকর্ড মোটেও ভালো ছিল না। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ২টি ডিমেরিট পয়েন্ট পান গ্যাব্রিয়েল। ২০১৭ সালের এপ্রিলে পান তিনটি ডিমেরিট পয়েন্ট।

২৪ মাসে আটটি ডিমেরিট পয়েন্ট হলে দুটি টেস্ট অথবা চারটি ওয়ানডে বা সমান সংখ্যক টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হওয়ার বিধান। এক বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট হওয়ায় বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে নিষিদ্ধ হয়েছিলেন গ্যাব্রিয়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত