কলকাতার বড় প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতা গ্রেপ্তার হয়েছেন তিন সপ্তাহ আগে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, প্রযোজকের কারাবাস নির্বিবাদে মেনে নিয়েছেন ঘনিষ্ঠ তিন নারী।
এই নারীরা হলেন হলেন সারিতা মোহতা, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী।
সারিতা হলেন শ্রীকান্তের সাবেক স্ত্রী। বছর দুয়েক আগে আদালতে বিচ্ছেদ হলেও দু’জনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। সারিতা এখনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পদবি হিসেবে মোহতাই ব্যবহার করেন। শোনা যায়, ওই সময় নুসরাত জাহানের সঙ্গে শ্রীকান্তের ঘনিষ্ঠতা তৈরি হয় বলেই সম্পর্কে ভাঙন ধরে। সাবেক স্বামী গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, ‘শ্রীকান্ত মোহতাকে নিয়ে একটা কথাও আমি বলব না।’
এদিকে নুসরাতের সঙ্গেও হালে ততটা ভালো যাচ্ছিল না শ্রীকান্তের। তিনি বলেন, ‘আপাতত হাতে কোনো ছবি নেই বলে আমার উপরে এর কোনো প্রভাব পড়েনি। শ্রীকান্ত মোহতার সঙ্গে কতটা সুমধুর সম্পর্ক ছিল জানি না। কিন্তু প্রযোজনা সংস্থার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। আমি এখনো ওদের পাশে রয়েছি। কিন্তু গ্রেপ্তারের পেছনের কারণ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাই এ বিষয়ে মন্তব্য করব না। আমি আপাতত শো নিয়ে ব্যস্ত। যেটুকু জেনেছি, তা টেলিভিশন মারফত।’
নুসরাতের পরে এখন ভেঙ্কটেশের প্রধান নায়িকা মিমি চক্রবর্তী। তিনি বলেন, ‘শ্রীকান্তদা আমার পরিবারের মতো। তাদের হাত ধরে বড় হয়েছি। কিন্তু শ্রীকান্তদার গ্রেপ্তার হওয়া নিয়ে আমি কিছু বলতে চাই না। এটা তো ভালো খবর নয়। খুবই খারাপ লেগেছে। আমি চাই, সকলে ভালো থাকুক। আর সকলের যাতে ভালো হয়, এটাই জগন্নাথের কাছে প্রার্থনা করি।’
বোঝা যাচ্ছে, প্রযোজকের দুর্দিনে দুই নায়িকা দূরে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
