বলিউড নায়িকা মধুবালা ‘বিউটি উইথ ট্র্যাজেডি’ নামে পরিচিতি ছিলেন। তার ভক্ত ছড়িয়ে আছেন পৃথিবী জুড়ে। বৃহস্পতিবার অভিনেত্রীর ৮৬তম জন্মদিন। এই ভুবন ভোলানো সুন্দরীকে ডুডলে শ্রদ্ধা জানাল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
১৯৩৩ সালে ভালোবাসার এ দিনেই জন্ম নেন ভারতীয় সিনেমার এই কালজয়ী নায়িকা। ১৯৪২ সালে ‘বসন্ত’ ছবির মধ্য দিয়ে মাত্র ৯ বছর বয়সে সিনেমায় অভিষেক হয় মধুবালার।
নায়িকার আসল নাম মুমতাজ জেহান বেগম দেহালভি। মধুবালা ছিল পর্দার নাম। ১৯৪৭ সালে মাত্র ১৪ বছর বয়সে রাজ কাপুরের সঙ্গে ‘নীল কমল’ ছবিতে অভিনয় করেন তিনি। ২২ বছর বয়সে মহল, দুলারি, বেকসুর, তারানা অমরের মতো ছবিতে অভিনয় করে খ্যাতি লাভ করেন।
‘মুঘল এ আজম’ সিনেমার জন্য খ্যাতির চূড়ান্ত শীর্ষে পৌঁছে যান মধুবালা। পান সেরা অভিনেত্রী হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।
খুব বেশি দিন অভিনয় করেননি মধুবালা। অল্প সময়ে দর্শকদের উপহার দিয়েছেন ৭০টি চলচ্চিত্র।
মধুবালার হৃৎপিণ্ডে জন্মগত ছিদ্র ছিল। ১৯৫০ সালে এ সমস্যা ধরা পড়ে যার আধুনিক নাম ভেন্ট্রিকুলার সেফটাল ডিফেক্ট (ভিএসডি)। তখন ভারতে এর চিকিৎসা ছিল না। মধুবালার ক্যারিয়ারের স্বার্থে পরিবারের পক্ষ থেকেই অসুখের খবর তখন গোপন করা হয়। কাজের চাপ আর বদ্ধ স্টুডিওয়ে দিনের পর দিন কাটাতে কাটাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
১৯৬০ সালে কিশোর কুমারকে বিয়ের পর লন্ডন যান মধুবালা। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, বড়জোর এক বছর বাঁচবেন তিনি। কিন্তু পরে আরও নয় বছর অসুখের সঙ্গে লড়াই করে অবশেষে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ৩৬ বছর বয়সে মারা যান।
