ভালোবাসা দিবসে মোদির নির্বাচনী এলাকা গুজরাটে রাজনৈতিক সভা করতে গিয়ে চুমু উপহার পেয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। বৃহস্পতিবারের এই ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
গান্ধীনগর থেকে ৩৬০ কিলোমিটার ভেতরে এদিন সভা করতে যান রাহুল। মঞ্চে বসে থাকা অবস্থায় আকস্মিক এই অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।
এনডিটিভি জানিয়েছে, কয়েক জন কংগ্রেস নেত্রী রাহুলকে ফুলের মালা দিতে মঞ্চের দিকে এগিয়ে যান। তাদের মধ্য থেকে হঠাৎ একজন রাহুলের মুখ ধরে চুমু খান। রাহুলকে তখন হাসতে দেখা যায়। চুমু খেয়েই শান্ত থাকেননি ওই নারী। রাহুলের থুতনি ধরতেও দেখা যায় তাকে।
২০১৭ সালের পর এই প্রথম গুজরাটে পা রাখেন রাহুল। জাতীয় নির্বাচনের আগে লালডুংরি থেকে ক্যাম্পেইন শুরু করেছে কংগ্রেস। কংগ্রেসের বিশ্বাস, এই অঞ্চল থেকে প্রচার শুরু করলে দল কখনো হারে না।
১৯৮০ সালে রাহুলের ঠাকুরমা (দাদি) এবং সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এখান থেকে প্রচার শুরু করে জয়লাভ করেন। ১৯৮৪ সালে তার বাবা রাজীব গান্ধীও একই অঞ্চল থেকে প্রচারে নামেন। ২০০৪ সালে সোনিয়া গান্ধীও সেই পথ অনুসরণ করেন। এবার একই ‘বিশ্বাসে’ ভরসা রাখলেন রাহুলও।
