সড়ক-মহাসড়কে বিপজ্জনকভাবে থাকা বৈদ্যুতিকসহ সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সব খুঁটি অপসারণ করে নিরাপদ দূরত্বে বসানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেয়। এ নির্দেশ প্রতিপালনে ৬০ দিনের সময়ও বেঁধে দিয়েছে আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এবং পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালককে আদালতের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আর খুঁটি অপসারণে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেটি নিশ্চিত করতে স্থানীয় সব কর্র্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক-মহাসড়কের বিপজ্জনক খুঁটি অপসারণ চেয়ে গত বুধবার হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। রিটের পক্ষে গতকাল তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
×
