দুদিনে ৩০ কোটি টাকার ফুল বিক্রি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৬ এএম

পহেলা ফাল্গুন ও গতকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীতে প্রায় ৩০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ। জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, এবার সারা দেশে আমাদের লক্ষ্য ছিল প্রায় ৭০ কোটি টাকার ফুল বিক্রি করা। আমরা এরই মধ্যে ঢাকাতে ৩০ কোটি টাকার ফুল বিক্রি করেছি যা অনেক সন্তোষজনক। তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ীরা অনেক সন্তুষ্ট ফুলের বিক্রি নিয়ে।

গতকাল সরেজমিন রাজধানীর অন্যতম ফুলের বাজার শাহবাগ ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা বেশ উৎসাহের সঙ্গে ব্যবসা করছেন। তবে তাদের দাবি ভালোবাসা দিবসের চেয়ে পহেলা ফাল্গুনের ফুলের বিক্রি বেশি। খোঁজ নিয়ে জানা যায়, ফুলের বাজারে লাল গোলাপের পাশাপাশি হলুদ ও সাদা গোলাপের চাহিদা বেশি। তবে ক্রেতাদের চাহিদা বেশি ছিল চায়না লাল গোলাপের প্রতি। গোলাপের পাশাপাশি গ্ল্যাডিওলাস বিক্রিও হয়েছে আগের তুলনায় বেশি।

জানতে চাইলে অনিন্দ্য পুষ্পালয় মালিক মাসুদুর রহমান বলেন, গত দুদিনে তিন-চার লাখ টাকার ফুল বিক্রি করেছি, এর মধ্যে গোলাপই বেশি। তিনি আরও বলেন, গত বছরের চেয়ে এবার অনেক বেশি ফুল বিক্রি হয়েছে। ফুল বিক্রি নিয়ে ফুল ফলোয়ার্স পুষ্পালয়ের কর্মচারী আবু জাফর জানান, আমরা গতকাল বিকেল পর্যন্ত ৬০ হাজার টাকার ফুল বিক্রি করেছি। তবে ফাল্গুন উপলক্ষে বেশি ফুল বিক্রি হয়েছে বলে তিনি জানান। ভিন্ন কথা জানান ফুলতলা ফ্লাওয়ার শপের মালিক মুবিন শেখ। জানতে চাইলে তিনি বলেন, আমাদের বেচাবিক্রি গতবারের চেয়ে খারাপ। দোকানে এখনো অনেক ফুল পড়ে রয়েছে। গত দুদিনে এক থেকে দেড় লাখ টাকা বিক্রি হয়েছে কিন্তু প্রত্যাশা ছিল পাঁচ থেকে ছয় লাখ টাকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত