বিজিবির মানুষ হত্যা নিয়ে কেউ কথা বলছে না: জাফরুল্লাহ চৌধুরী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২০ পিএম

মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিন ব্যক্তি নিহতের ঘটনায় 'কেউ কথা বলছে না' বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রে ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ এর আয়োজনে ‘বিএনপি চেয়ারপারসন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ বলেছেন, ‘গণতন্ত্রের কবর হলে কী হয়, দুই মাসের মধ্যে তার চিত্র ফুটে উঠেছে। কয়েক দিন আগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মানুষ হত্যা করে গরু চোরের অপবাদ দিয়েছে। এটা জেলা প্রশাসকও (ডিসি) জানেন না, উপজেলার কর্মকর্তারা (ইউএনও) জানেন না। কিন্তু এ বিষয়ে কেউ কথা বলছে না’।

তিনি বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ইমামতিতে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে।

সংগ্রাম ছাড়া উপায় নেই উল্লেখ করে তিনি বলেন, আজ বিরোধী দলগুলো সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে রাস্তায় নামা ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। সব দলের ছোটখাটো ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে একত্রিত হয়ে রাস্তায় নামার জন্য অনুরোধ রাখেন তিনি।

সরকারের বিচার ব্যবস্থায় খালেদা জিয়া মুক্তি পাবে না মন্তব্য করে জাফরউল্লাহ বলেন, ‘খালেদা জিয়া সরকার দলীয় বিচার ব্যবস্থায় সুবিচার পাবেন না। ওনাকে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে’।

সংগঠনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত