পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
তিনি বলেছেন, ২০১৪ সালে সংসদ নির্বাচনের সময় বিএনপি-জামায়াত জোট যেভাবে আন্দোলনের নামে আগুনসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করেছিল। সেই অপশক্তি এবার আওয়ামী লীগের বিপুল বিজয়কেও মেনে নিতে পারেনি। তারাই সুযোগ বুঝে এ ধরনের অপকর্ম চালিয়েছে (আহমদিয়াদের ওপর হামলা) । সরকার কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না।
শুক্রবার দুপুরে মন্ত্রী পঞ্চগড় সদর উপজেলার আহমদনগরে আহমদিয়া মুসলিম জামাত অনুসারীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহম্মদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে কয়েকটি সংগঠনের অনুসারীরা আহমদনগরে আহমদিয়াদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ব্যবহার করে। উদ্ভূত পরিস্থিতিতে ওই রাতেই প্রশাসন জলসা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে।
পরিদর্শন শেষে রেলপথমন্ত্রী জলসাস্থলে আহমদিয়াদের এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।
মন্ত্রী আহমদিয়াদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ওই সম্প্রদায়ের অনুসারীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া তিনি আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ব্যয়সহ ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী বলেন, সব নাগরিকের সমান অধিকার রয়েছে এবং নিরাপত্তা বিধানে সরকার বন্ধ পরিকর। যেই ধর্মেরই হোক প্রত্যেকে তাদের স্ব স্ব অবস্থান থেকে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবে। সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়ভাবে সমর্থন করে।
আহমদনগর জামে মসজিদের ইমাম আব্দুল মতিন এখনো নানা হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সভায় দাবি করেন।
