প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় যুব টেস্টে প্রথম দিনই বড় সংগ্রহের পথে আছে ইংল্যান্ড। চট্টগ্রামে শুক্রবার ৬ উইকেটে ২৯৫ রান তুলেছে দলটি। দুই ম্যাচ সিরিজের এটি শেষ টেস্ট।
এদিন বাংলাদেশ টস জিতে বোলিং নেয়। শুরুতে ওপেনার জর্জ বল্ডারসনকে ৯ রানে ফেরান আসাদউল্লাহ গালিব। পরে বেশ ভুগতে হয় স্বাগতিকদের। দ্বিতীয় উইকেটে বেন চার্লসওয়ার্থ ও জেমি স্মিথ ১৫২ রানের জুটি গড়েন।
১০ চারে ৬৩ রান করা ওপেনার চার্লসওয়ার্থকে ফিরিয়ে জুটি ভাঙেন মুজাক্কির হোসেন। পরের ওভারে পরপর দুই বলে রুহেল আহমেদ ফিরিয়ে দেন স্মিথ ও লুইস গোল্ডসওয়ার্থিকে। ১৩ চার ও ২ ছক্কায় ১২৬ বলে ৯০ রান করে আউট হন স্মিথ। এরপর এক সময় ইংল্যান্ডের স্কোর ১৬৮/৪ হয়ে যায়। পরে জর্জ হিল ধাক্কা সামাল দেন। ১০ চারে অপরাজিত ৭৯ রান করেন তিনি।
রুহেল ২ উইকেট নিয়েছেন ৬১ রান খরচায়। গালিব ৬৩ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। ৮৯ রানে মিনহাজুরের শিকার দুই জন। অন্য উইকেটটি মুজাক্কিরের।
