র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, মাদক ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের নিষ্ঠুর হতে হবে। তাদের আমাদের দেশে প্রয়োজন নেই। আমাদের সমাজ থেকে এই কুলাঙ্গারদের ধ্বংস করতে হবে, নির্মূল করতে হবে। সুষ্ঠু সমাজ গঠন করতে চাইলে মাদক নির্মূল করতে হবে। তিনি গতকাল শনিবার বিকেলে গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়ায় ‘সোনালী স্বপ্ন একাডেমী’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে জঙ্গিবাদ-সন্ত্রাস, মাদক ও দুর্নীতির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশে ৭০ থেকে ৮০ লাখ লোক নিয়মিত মাদক সেবন করে। এতে বছরে আমাদের এক লাখ কোটি টাকা খরচ হয়। আমরা বছরে এক লাখ কোটি টাকা বিনা কারণে খরচ করছি। র্যাব মহাপরিচালক বলেন, মাদকসেবীদের পরিবার থেকে আদর, যত্ন ও ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনতে হবে। তারপরও সম্ভব না হলে তাদের চিকিৎসা করে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। সোনালী স্বপ্ন একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা প্রমুখ।
×
