রাজধানীর যাত্রাবাড়ী থেকে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আল-আমিন (২৭) ও শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ (২৭)। আল-আমিন সিলেট জেলা নব্য জেএমবির আঞ্চলিক কমান্ডার। গত শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতে হাজির করে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার সাঈদ নাসিরুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বোমা হামলা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিকল্পিত হত্যার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া দুই জঙ্গি সদস্য সিলেট অঞ্চলে জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আগে যারা সক্রিয় ছিলেন তাদের সঙ্গে এদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরা মূলত মাঠপর্যায়ের কর্মী, যোগাযোগ রাখতেন অনলাইনে। অনেকদিন ধরেই তাদের খোঁজা হচ্ছিল। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। এই কর্মকর্তা জানান, তার নেতৃত্বে গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মাদ্রাসা বাজারের মসজিদের পূর্ব কোনায় পৌঁছে মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গী দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মোতাবেক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরা এলাকার আমুলিয়া রোড, স্টাফ কোয়ার্টার, হাজি সিএনজি স্টেশনের সামনে থেকে আসামি শেখ গোলাম হোসেন ওরফে মিলাদকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির জিজ্ঞাসাবাদে আল আমিন জানিয়েছে, সে নিউ জেএমবির সিলেট এলাকার আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করছে। পালিয়ে যাওয়া দুজন ঢাকা অঞ্চলের নেতা।
