ঢাকার সাভারে ছিনতাইকারীদের গুলিতে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রাসেল খান (২৭) মাদারীপুরের শিবচরের ছলু খলিফাকান্দি গ্রামের ফজলুর রহমান খানের ছেলে। গত শুক্রবার গভীর রাতে সাভারের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া সাভারে আরও দুজনের লাশ উদ্ধার হয়েছে, যাদের মধ্যে এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ দেশ রূপান্তরকে বলেন, দুই দিন আগে রাসেলের এক বন্ধুর মোবাইল ফোন ছিনতাই হয়। সেই ফোন উদ্ধারের জন্য শুক্রবার গভীর রাতে পাঁচ বন্ধুকে নিয়ে রাসেল শিমুলতলার জমিদারবাড়িসংলগ্ন সড়কে ছিনতাইকারীদের ধরতে গেলে তারা
গুলি চালায়। সঙ্গীরা পালিয়ে গেলেও রাসেল গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী তাকে সাভারের এনাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পাঁচ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ডা. অশোক কুমার বলেন, গভীর রাতে ৮-১০ জন লোক রাসেল নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের চারটি জায়গায় গুলির চিহ্ন পাওয়া যায়।
রাসেলের বাবা ফজলু খান জানান, তার ছেলে জামগড়া এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির দোতলার একটি কক্ষে ভাড়ায় থাকতেন। তিনি এনভয় টেক্সটাইলের জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। রাতে কে বা কারা তার মোবাইল ফোনে তার ছেলেকে হাসপাতালে ভর্তির কথা জানায়। এরপর হাসপাতাল কর্র্তৃপক্ষ তার ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে।
এদিকে গতকাল শনিবার সকালে আশুলিয়া কাঠগড়া মণ্ডলপাড়া এলাকার বাঁশঝাড়ে পাশ থেকে রাজিয়া খাতুন (২৬) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বগুড়া জেলার ধুনট থানা এলাকার ছালাপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর মেয়ে।
আশুলিয়া থানার এসআই মিরাজ হোসেন বলেন, ‘আগে এই নারী পোশাক কারখানায় কাজ করলেও বেকার ছিলেন। তিনি মণ্ডলপাড়া এলাকার আবদুর রশিদ মিয়ার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের ভাগনে জিয়াউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
