মুন্সীগঞ্জ সদরের মহাকালী ইউনিয়নের তালেশ্বর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হুমায়ুন বেপারী (৩০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নৌ-ডাকাত হুমায়ুন সদর উপজেলার আধারা ইউনিয়নের কালীরচর এলাকার মৃত মোহন বেপারীর ছেলে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর ও চাঁদপুরের উত্তর মতলব থানায় ৬টি অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় এসআই দেবাশীষ কুন্ডু ও এএসআই মো. আলহাজ উদ্দিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, গত ১৪ ফেব্রুয়ারি সদর উপজেলার কালীরচর এলাকার নৌডাকাত হুমায়ুন বেপারীকে শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় জিজ্ঞাসাবাদে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করছিলেন তিনি। পরে শনিবার গভীর রাতে হুমায়ুনকে সঙ্গে নিয়ে স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অস্ত্র উদ্ধার ও তার সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে সদরের তালেশ্বর এলাকায় অভিযানে যায়।
হুমায়ুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এ সময় হুমায়ুন পুলিশের গাড়ি থেকে লাফিয়ে নেমে পালাতে চেষ্টা করে। ডাকাত সদস্যদের গুলিতে পুলিশের দুই সদস্য আহত হয়।
একপর্যায়ে হুমায়ুন গুলিবিদ্ধ হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
