মহান ভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এর সভাপতিত্বে এ সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিএমপি’র কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বলা হয়, ভাষা দিবসে ডিএমপির গৃহীত নিরাপত্তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণসহ আশপাশের সকল এলাকা জুড়ে পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্সের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে। প্রতিটি প্রবেশ গেটে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ে স্থাপন করা হবে। আগত দর্শনার্থীদের হ্যান্ড মেটাল ডিটেক্টর দ্বারা দেহ তল্লাশি ও হ্যান্ড ব্যাগ চেকিংয়ের আওতায় আনা হবে। নারীদের তল্লাশির ক্ষেত্রে প্রতিটি গেটে পর্যাপ্ত সংখ্যক নারী পুলিশ মোতায়েন রাখা হবে।
কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় অধিকতর নিরাপত্তার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন, স্থাপিত সিসিটিভি সমূহ ২৪ ঘণ্টা শহীদ মিনারের পার্শ্বে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ, শহীদ মিনার প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বোম ডিস্পোজাল টিম, ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ বিশেষ নজরদারির আওতায় আনার লক্ষ্যে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।
এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক পৃথক প্রবেশ ও বহির্গমন গেটের ব্যবস্থা রাখা হবে। হকার উচ্ছেদের জন্য পুলিশের আলাদা টিম মোতায়েন থাকবে, বিদেশি রাষ্ট্রদূত, কূটনৈতিক ও নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
থাকবে ফায়ার সার্ভিসের ফায়ার টেন্ডার-অ্যাম্বুলেন্স ও লাইটিং ইউনিট, শহীদ মিনার এলাকায় মিডিয়া কর্নার তৈরি করা হবে।
২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাশ ও আইডি কার্ড ব্যতীত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, কেন্দ্রীয় শহীদ মিনারসহ সমগ্র এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হব।
ট্রাফিক ব্যবস্থাপনা ও ডাইভারশন ব্যবস্থা- একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যানবাহন নিয়ন্ত্রণে নির্দিষ্ট ব্যানার, দিক নির্দেশক সাইনবোর্ড স্থাপন করা এবং ডাইভারশন ব্যবস্থা করা হবে।
মহান একুশে ফেব্রুয়ারির পূর্বের দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যায়ের ভেতরে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
