বাংলাদেশে গ্লোবাল ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার ২০১৯’ প্রতিযোগিতা শুরু করেছে হুয়াওয়ে।
গতকাল রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং জেংজুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে আইসিটি প্রতিভা তৈরি এবং তথ্য-প্রযুক্তিবিষয়ক শিক্ষার প্রসারে হুয়াওয়ে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে আগামী দুই মাসে ১০ শিক্ষার্থী বাছাই করবে। পরবর্তী সময়ে এই শিক্ষার্থীদের চীনে অবস্থিত হুয়াওয়ের প্রধান কার্যালয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আইসিটি উন্নয়নের অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা উল্লেখযোগ্য। সুতরাং, আমাদের দায়িত্ব এই মেধাবী তরুণদের সঠিক পথ নির্দেশনা দেওয়া। যখন ছেলেমেয়েরা বিশ্বদরবারে ভালো কিছু করে, আমাদের বুকটা গর্বে ভরে ওঠে।’
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার আরও বলেন, ‘বিগত বছরগুলোতে হুয়াওয়ে তাদের সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মাঝে জ্ঞানের ক্ষুধা তৈরির এই কাজটি করে আসছে। এটা তরুণদের ভবিষ্যতে আরও নতুন সব উদ্ভাবনে উদ্বুদ্ধ করবে। এ জন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানাই।’
