ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মোহাম্মদ মিঠুন। গ্রেড ওয়ান পর্যায়ের চোট পাওয়া এই ক্রিকেটার বুধবার ডানেডিনে খেলতে পারবেন কি পারবেন না তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে সোমবার যা তথ্য মিলছে, তাতে ডানেডিনে শেষ ওয়ানডেতে অনিশ্চিত এই ডানহাতি ব্যাটসম্যান। তার বদলে ওয়ানডে দলে যোগ দিতে যাচ্ছেন মুমিনুল হক।
ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে প্রথম দুই ওয়ানডেতেই সফল ছিলেন মিঠুন। নেপিয়ারে ৬২ রানের পর ক্রাইস্টচার্চে ৫৭ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। কিন্তু শনিবার নিউ জিল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার পথে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিঠুন। পরে আর ফিল্ডিংয়ে নামেননি ২৭ বছর বয়সী।
এদিকে ওই ম্যাচেই পুরোনো পাঁজরের চোট মাথা চাড়া দেয় মুশফিকুর রহিমের। এই উইকেটকিপার ব্যাটসম্যানও এখনো পুরো সেরে ওঠেননি। এখন স্ক্যান রিপোর্টের অপেক্ষায় দুজনই। তবে মিঠুনের কমপক্ষে সাত দিন মাঠের বাইরে থাকা একরকম নিশ্চিতই।
মিঠুন ও মুশফিক একসঙ্গে চোটে পড়ায় এখন একাদশ গড়া নিয়েই বড় ভাবনায় বাংলাদেশ। দল নিউজিল্যান্ড উড়ে যাওয়ার আগেই সাকিব আল হাসান চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। ওয়ানডে দলটা তাই হয়ে যায় ১৪ জনের। ফলে ক্রাইস্টচার্চ থেকে ডানেডিনে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন মুমিনুল।
টেস্ট স্কোয়াডে থাকা মুমিনুল ওয়ানডে দলের সঙ্গেই নিউজিল্যান্ডে যান। বিপিএল শেষ না হওয়ায় প্রস্তুতি ম্যাচের আগে ওয়ানডে দলের সব সদস্য নিউজিল্যান্ডে পৌঁছাতে পারেননি। তাই আগেভাগে টেস্ট স্কোয়াডে থাকা মুমিনুল ও সাদমান ইসলামকে পাঠানো হয়েছিল সেখানে।
টেস্ট দলের বাকি চর সদস্য তাইজুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন ইতিমধ্যে নিউজিল্যান্ডে উড়ে গেছেন। তবে টেস্ট দলের সদস্যদের ক্রাইস্টচার্চ রেখেই ডানেডিনে তৃতীয় ওয়ানডে খেলতে গেছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চ থেকে এখন ডানেডিনের বিমান ধরতে হচ্ছে মুমিনুলকে।
