বসিলায় বুড়িগঙ্গার তীরের ১২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৩ পিএম

বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযানের চতুর্থ পর্যায়ের প্রথম দিনে ১২০ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় সকাল ৯টা থেকে উচ্ছেদে অভিযান শুরু হয়। 

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, সোমবারের উচ্ছেদ অভিযানে ১টি চারতলা, ৮টি তিনতলা, ১১টি দোতলা ও ৪২টি একতলা ভবন উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া ৩৩ টি আধা পাকা ভবন ও ২৫টি টিনের ঘর/ টংঘর উচ্ছেদ করা হয়েছে।

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, আগামীকাল সকাল (আজ মঙ্গলবার) সকাল ৯ টা থেকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান বসিলা এলাকা থেকে শুরু হবে।’

ঢাকা নদী বন্দরের আওতাধীন এলাকায় গত ২৯ জানুয়ারি থেকে তিন দফায় নয় দিনের উচ্ছেদ অভিযানে প্রায় পনেরো শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

এর আগে ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে আনতে একনেক বৈঠকে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত