ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তিনি ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও দুই হাজার ২৩৫টি জুয়ার সাইটের খোঁজ পেয়েছেন। এগুলোতে শিগগিরই তালা মারা হবে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি। এদিকে দেশীয় ব্যবহারকারীদের কাছে ‘সাইবার দুনিয়া নিরাপদ রাখতে’ ৫৬টি ডোমেইন বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গত রবিবার বিটিআরসি দেশের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) এ নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।
বিটিআরসির একাধিক কর্মকর্তা জানান, শিশুসহ ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর ও অনিরাপদ সাইটগুলো শনাক্ত করে সেগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ইন্টারনেট সেবাদানকারীদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নেতাদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা পাঠানো হয়েছে। আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানান, বিটিআরসির নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। বিটিআরসির ওই নির্দেশনার একদিন পর গতকাল মোস্তাফা জব্বার তার স্ট্যাটাসে লিখেন, ‘এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।’ এর আগে বিভিন্ন সময় চার হাজারের বেশি পর্নো ওয়েবসাইট বন্ধ ও ১৭৮টি জুয়া খেলার সাইট বন্ধ করে বিটিআরসি।
