চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ থেকে প্রেরণা খুঁজছে বাংলাদেশ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৫ পিএম

নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে বরণ করতে হয়েছিল একই ভাগ্য। অতীতের মতো এবারের সফরেও কোনো ম্যাচে নিজেদের লড়াকু চিত্রটা ফুটিয়ে তুলতে পারেনি টাইগাররা। তবে ডানেডিনে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জয়ই ভাবনায় টিম বাংলাদেশের। যে জন্য ২০১৭ সালে আয়ারল্যান্ডের মাটিতে ও চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানো ম্যাচকেই প্রেরণা মানছে টাইগাররা।

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ খেলে ২০০৭ সালে। তখন থেকে এ পর্যন্ত টানা ১২ ম্যাচ খেলে একটিতেও জয় নেই টাইগারদের। তবে বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচেই সেই ফাঁড়াটা কাটাতে চান মাশরাফী বিন মোর্ত্তজা।

মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, ‘‘গত বছর আয়ারল্যান্ডে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলাম। আমরা কিন্তু ম্যাচটা জিতেছি। আবার আয়ারল্যান্ড থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে গিয়েও আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম। অনুভূতিটা অসাধারণ ছিল। আমরা আবারও এটাই করতে চাই।’’

তবে মাশরাফীও জানেন আসলে কাজটা কতটা কঠিন। তবে ডানেডিনের উইকেট আশা দিচ্ছে তাকে, ‘‘নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানোটা সব সময়ই কঠিন। তবে ভালো লাগছে যে উইকেট কিন্তু বেশ ভালো। আশা করছি কাল আমরা এখানে ভালো খেলব।’’

এবারের সফরে প্রথম দুই ওয়ানডেতেই বাংলাদেশের হার ৮ উইকেটে। ব্যাটিংয়ে দৈন্যদশা ছিল স্পষ্ট। বোলিংও ছিল নখদন্তহীন। তার ওপর দুই ম্যাচেই যার ব্যাট থেকে সেরা সার্ভিসটা পেয়েছে বাংলাদেশ, সেই মোহাম্মদ মিঠুন ছিটকে গেছেন শেষ ওয়ানডে থেকে। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান তিনি। পাঁজরের পুরোনো চোটে ভোগা মুশফিকুর রহিমকে নিয়েও কিছুটা শঙ্কা থেকে গেছে।

তার পরও মাশরাফীর বক্তব্য, ‘‘আমি অবশ্যই জয়ের কথা বলব। ২০১৭ সালে আমরা আয়ারল্যান্ডে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম। আসলে সব সময় যেটি আশা করা হয় সেটি কিন্তু হয় না। এ দেশের মাটিতে ম্যাচ জেতাটা অনেক কঠিন হয়তো। সেটি আমরা জানি। তারপরেও আমরা জিততে চাই।’’

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারায় দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলে টাইগাররা। সেখানেই শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত