মেডিকেলের ডাস্টবিনে ২২ ভ্রূণ উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫০ পিএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ২২টি ভ্রূণ উদ্ধারের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ও নার্সিং ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালকের কক্ষে এ বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষসহ পদস্থ চিকিৎসক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জহুরুল হক মানিককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয়ের নির্দেশে গাইনি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. খুরশীদ জাহান এবং গাইনি ওয়ার্ডের নার্সিং ইনচার্জ জ্যোৎস্না আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত ডা. খুরশীদ জাহান নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি এই ঘটনার কিছুই জানেন না।

অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারেফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ভ্রূণগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দেহাবশেষগুলো যথাযথ প্রক্রিয়ায় সৎকার করা হবে।

এ ঘটনায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী মিরাজ হাওলাদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত