পুলিশের চাপে সরে গেল সালমানের সেই ‘অশ্লীল’ গান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪১ পিএম

শেষ পর্যন্ত পুলিশের চাপে ইউটিউব থেকে সরানো হলো সালমান মুক্তাদিরের সমালোচিত অশ্লীল গানটি। ‘অভদ্র প্রেম’ নামের গানটি ইউটিউবে উন্মুক্ত করা হয় ৯ ফেব্রুয়ারি। এরপর থেকেই গানটি নিয়ে প্রচুর সমালোচনার জন্ম হয়।

অশ্লীল সেই গানের খবর পৌঁছে তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারের কাছেও। তিনি সালমান মুক্তাদিরকে খুঁজতে নিজের ফেসবুকে সোমবার একটি পোস্টও দেন। সেই পোস্টের একদিনের মাথায় সালমান মুক্তাদিরকে আটক করে নিয়ে যায় পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ।

পুলিশ জানায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের সেইফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট সালমান মুক্তাদিরকে আজ বিকেল ৩ টার দিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে আনে। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ডিএমপির সাইবার সিকিরিউটি এবং ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া।

দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘বিকেল তিনটার দিকে তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। মূলত মাননীয় মন্ত্রীর নির্দেশেই আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

এদিকে সালমানকে যখন জিজ্ঞাসাবাদ চলছিল, ঠিক সেই সময়ে সালমানের ইউটিউব চ্যানেলে ঢুকে দেখা যায় গানটি আর নেই। এমনকি গানের প্রমোও উধাও।

উল্লেখ্য, সালমানের গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে চলে তীব্র সমালোচনা। গানটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দিয়ে ফেসবুকে চলছে তর্ক-বিতর্কও।

এদিকে গানটিতে ১৮ লাখেরও বেশি ভিউ হয়েছে। গানটি যে দর্শকদের মনে ধরেনি তা বোঝা যায় সেটিতে পড়া লাইক-ডিসলাইকের সংখ্যা দেখে।

ইউটিউবে গানটিতে লাইক দিয়েছেন ৪২ হাজারের বেশি দর্শক। বিপরীতে ডিসলাইক দুই লাখ ছাড়িয়েছে। শুধু ডিসলাইকই নয়, গানটি প্রকাশের পর থেকে ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যাও রাতারাতি কমে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত