গামছা নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী বাজারের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা ও নিহত শিশুর মা আকলিমা বেগম জানান, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে এসে সিয়াম (৭) ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল। রান্না শেষ হলে সিয়ামকে গোসল করাতে নিয়ে যাবে তার মা। মায়ের মুখে এটা শুনে গোসলের জন্য গামছা নিয়ে খাটের ওপর খেলছিল সিয়াম।
খেলার একপর্যায়ে তার গলার গামছা তাদের টিনের ঘরের কাঠের বেড়ার চটার সঙ্গে পেঁচিয়ে গেলে খুলতে বা সরাতে না পারায় গলায় ফাঁস পড়ে। এতে সেখানেই মারা যায় সে। সিয়ামের মা এসে পেছন থেকে তাকে ডাকতে থাকে। ডাকের সাড়া শব্দ না পেয়ে কাছে গিয়ে দেখে বেড়ার চটার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে রয়েছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
সিয়াম পেড়িখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। তার পিতা লিটন ইজারদার পেশায় একজন জেলে। তিনি সুন্দরবনের দুবলা চরে কাজ করেন।
এ বিষয়ে মোংলা থানার এসআই মো. কামরুল বলেন, নিহত শিশু সিয়ামের গলায় গামছা পেঁচানোর দাগ রয়েছে। তারপরও যেহেতু ঘটনাটি রামপাল থানা এলাকার সেহেতু ওই থানা-পুলিশকে এ সম্পর্কে খোঁজ খবর নিতে বলা হয়েছে। তাদের তথ্য পাওয়ার পরই লাশ হস্তান্তর ও ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
