পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা কৃষক লীগ নেতা আপেল মাহমুদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। গত সোমবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে অভিযোগের শুনানিতে হলফনামা অনুযায়ী এইচএসসি পাসের সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট অপর চেয়ারম্যান প্রার্থী আপেল মাহমুদের দাখিলকৃত হলফনামায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ করেন।
রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা উভয়পক্ষের শুনানি শেষে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান প্রার্থী আপেলের কাছে এইচএসসি পাসের সনদ চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এ কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।
