দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, সমস্যা ও সমাধানের উপায় নির্ধারণ করতে গতকাল এক মতবিনিময় সভার আয়োজন করে বস্ত্র ও পোশাক খাতের তিন সংগঠন। তবে ওই মতবিনিময় সভায় ব্যবসা-বাণিজ্য বিষয়ে তেমন কোনো আলোচনা করলেন না বক্তারা। পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের উপস্থিতিতে মতবিনিময় সভা রূপ নেয় নির্বাচনী প্রচারণায়। সভায় তিন সংগঠনের নেতারা মেয়র পদে আতিকুল ইসলামের পক্ষে ভোট চান বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর নেতারা।
পোশাক খাতের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং টেক্সটাইল শিল্প মালিকদের সংগঠন বিটিএমএর যৌথ উদ্যোগে মহাখালীর রাওয়া ক্লাবে গতকাল বেলা ১১টায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে এফবিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আতিকুল ইসলামের সাংগঠনিক ক্ষমতা সর্বজনবিদিত। আমি চাই, তিনি ঢাকা উত্তরের নগরপিতা না হয়ে নগর সেবক হোন। সততার সঙ্গে আনিসুল হকের (সাবেক মেয়র) সকল কাজ সম্পন্ন করবেন। যত কর্মব্যস্ততাই থাকুক, ২৮ ফেব্রুয়ারিতে সবাই ভোটকেন্দ্রে গিয়ে আতিকুল ইসলামকে ভোট দেবেন। কারণ আতিকের শক্তি সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমিকরা।’ বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রায় দুই দশক ধরে তিনি নির্বাচন করে আসছেন। আজ পর্যন্ত তার সম্পর্কে কেউ কোনো অভিযোগ করেননি। রাজধানী শহরে আতিকুল ইসলামকে চেনেন না এমন কেউ নেই। নির্বাচন কীভাবে করতে হয়, সেটা তিনি ভালো করেই জানেন। আমরা তার পাশে থাকব।’
অনুষ্ঠানে আতিকুল ইসলামের নির্বাচনী ইশতেহার নিয়ে তৈরি করা একটা ডকুমেন্টারি প্রচার করা হয়। তাতে আতিকুল ইসলাম বলেছেন ‘আমি মেয়র হলে শব্দ ও বায়ুদূষণ, দৃষ্টিদূষণ নিরসন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, নিরাপদ সড়ক ও ফুটপাত তৈরির উদ্যোগ নেব।’ ডকুমেন্টারি প্রচার শেষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে একা হব না। সবাইকে নিয়েই হব। এজন্য সবার প্রথম কাজ হবে নগর অ্যাপ চালু করা। যে অ্যাপে ঢাকার উত্তরের যেকোনো সমস্যা সাধারণ মানুষ ভিডিও বা ছবির মাধ্যমে আপলোড করবে। আমাদের কর্মীরা ৪৮ ঘণ্টার মধ্যে সেই সমস্যা সমাধানের চেষ্টা করব।’ ঢাকাবাসীকে জলজট মুক্ত করার অঙ্গীকার করে বিজিএমইএর সাবেক এ সভাপতি বলেন, ‘ঢাকাবাসী খেতে-পরতে চায় না। তারা চায় খেলার মাঠ, চায় নিরাপদ সড়ক। পরিচ্ছন্ন ঢাকা। কথা দিচ্ছি, মেয়র নির্বাচিত হলে ঢাকাবাসীকে তাদের স্বপ্নের ঢাকা উপহার দেব। সবার ভালোবাসাই হবে আমার পথের পাথেয়।’ বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আবদুস সালাম মূর্শেদী, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি এস এম মান্নান (কচি), বিকেএমইএর প্রথম সহসভাপতি মনসুর আহমেদ, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম ও সহসভাপতি মুনতাকিম আশরাফ টিটু।
