কক্সবাজারে টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাফর আলম (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নং স্লুইচ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জাফর আলম টেকনাফের নয়াপাড়া মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ঘটনাস্থল থেকে ৫ হাজার পিস ইয়াবা ও ১টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে।
টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, মঙ্গলবার রাতে রোহিঙ্গা যুবক জাফর আলমকে আটক করে বিজিবি। তাকে জিজ্ঞাসাবাদের পর বিজিবি জানতে পারে উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নং স্লুইচ গেইট দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে।
এমন খবরে বিজিবি জাফর আলমকে নিয়ে ওই স্থানে ওৎপেতে থাকে। বুধবার ভোরে মিয়ানমার থেকে চোরাকারবারিরা বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। সঙ্গে সঙ্গে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়।
এতে বিজিবি’র ২ সদস্য আহত হন। এ সময় বিজিবিও ২০-২৫ রাউন্ড গুলি করে। এতে জাফর আলমের মৃত্যু হয়।
আছাদুদ-জামান চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে ৫ হাজার পিস ইয়াবা এবং ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজিবি। এ ব্যাপারে টেকনাফ থানায় একটি মামলা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর মডেল থানায় পাঠানো হয়েছে।
