ভারতীয় সেন্সর বোর্ডে নানা সময়ে বিভিন্ন অজুহাতে সিনেমা নিষিদ্ধ করেছে। সেই সংখ্যা এত দিন অজানা ছিল। তা জানার পর অনেকের চোখ কপালে উঠতে পারে।
দেশটির সংবাদমাধ্যম জানায়, সেন্সর বোর্ড ১৬ বছরে ৭৯৩টি ছবি নিষিদ্ধ করেছে। এর মধ্যে ৫৮৬টি ভারতীয় ও ২০৭টি বিদেশি ছবি। এই তালিকায় রয়েছে ‘পারজানিয়া’ ও ‘মহল্লা আসসি’র মতো ছবি।
তথ্যের অধিকার মামলায় প্রকাশ্যে এসেছে একটি তথ্য।
সমাজকর্মী নূতন ঠাকুরের আবেদনের প্রেক্ষিতে জানানো হয়, ২০০০ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ৭৯৩টি ছবিকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেট।
ছাড়পত্র না পাওয়া ছবির মধ্যে ২৩১টি হিন্দি, ৯৬টি তামিল, ৫৩টি তেলুগু, ৩৯টি কন্নড়, ২৩টি মালায়লাম ও ১৭টি পাঞ্জাবি ছবি। নিষিদ্ধ করা হয় ১২টি বাংলা ও মারাঠি ফিল্মকেও।
২০১৫-২০১৬ সালে সর্বাধিক ১৫৩টি ছবি নিষিদ্ধ করা হয়। ২০১৪-১৫ সালে নিষেধাজ্ঞা জারি হয়েছে ১৫২টি ছবির ওপর। তার আগের বছর ১১৯টি ফিল্ম ও ২০১২-১৩ সালে ৮২টি চলচ্চিত্র নিষিদ্ধ করা হয়।
নিষিদ্ধ হওয়া ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য- পারজানিয়া, অসতোমা সত্গময়ো ও মহল্লা আসসি। ২০১৫ সালের ৩০ জুন ‘মহল্লা আসিস’ মুক্তি পেলেও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয়। ফের ২০১৮ সালের ১৬ নভেম্বর ছবিটি মুক্তি পায়।
