মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৪ পিএম

বরগুনার পাথরঘাটায় বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে গিয়ে টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. সাব্বির (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় শাহ আলম (৪৫) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার সকাল সাতটার দিকে উপজেলার কাঠালতলী-চরদুয়ানি সড়কের কালেক্টর ব্রিজের দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির উপজেলার কাঠালতলী ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকার মো. চুন্নু মোল্লার ছেলে। তিনি সপ্তগ্রাম মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সকালে সাব্বির বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে কাঠালতলী-চরদুয়ানি সড়কের দফাদার বাড়ি স্ট্যান্ডের সামনে কুয়াশার কারণে দেখতে না পেয়ে অপরদিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাব্বির নিহত হয়। মোটরসাইকেলে থাকা শাহ আলম নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত