মারা গেছেন কলকাতার খ্যাতনামা সংগীতশিল্পী প্রতীক চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এ গায়কের বয়স হয়েছিল ৫৫ বছর।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কলকাতার মুরলী ধর সেন স্ট্রিটে রয়েছে প্রতীক চৌধুরীর পারিবারিক ব্যবসার অফিস। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে ছিলেন তিনি। হঠাৎই অসুস্থ বোধ করেন, মেঝেতে পড়ে যান।
পরে সহকর্মীরা প্রতীককে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তারা যান গায়ক।
প্রতীকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে টলিউড ও স্থানীয় সংগীতাঙ্গনের অনেকে।
এক সপ্তাহ আগে নায়ক দেব প্রযোজিত ও অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ সিনেমার জন্য গান রেকর্ড করেন তিনি।
পরিচালক অনিকেত বলেন, ‘‘ভাবতে পারছি না। সাত দিন আগে গান রেকর্ড করলাম সেগুলোর কাজ এখনো চলছে। আর এর মধ্যেই এই খবর।’’
প্রতীকের গাওয়া রবীন্দ্র সংগীত এবং রিমেক গান শ্রোতারা পছন্দ করেছিলেন। ২০১৮ সালে জন্মদিনে ‘এই বাংলার নীরে’ নামে একটি অ্যালবাম রিলিজ করেন। শুধু সিনেমার প্লেব্যাক বা অ্যালবামই নয়, বহু ব্র্যান্ডের বিজ্ঞাপনেও প্রতীকের গান জনপ্রিয় হয়।
