ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুরে ভারতীয় গরু সন্দেহে জব্দ করা নিয়ে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও ১৫ গ্রামবাসী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিহতের তিন পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি অভিযোগ দাখিল করা হয়েছে।
বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান বরাবরে অভিযোগটি জমা দেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মানিক।
বাদীপক্ষের আইনজীবী মো. মানিক জানান, নিহত নবাব আলীর পিতা নজরুল ইসলাম, সাদেক হোসেনের ভাই মো. বাসেদ ও শিশু জয়নুলের পিতা নুর ইসলাম পৃথক পৃথক তিনটি মামলার বাদী হয়েছেন।
মামলায় ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদসহ আরো ৬ বিজিবি সদস্যের নাম উল্লেখ করে মামলার অভিযোগটি জমা দেওয়া হয়।
মামলার বাদী নজরুল ইসলাম, মো. বাসেদ, নুর ইসলাম অভিযোগ করে বলেন থানায় ঘুরে মামলা না হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মানিক জানান, থানায় মামলা না নেওয়ায় আদালতে দাখিল করা হয়েছে। আগামী রবিবার আদালতের বিচারক মামলাটি আমলে নেবেন কি না তা জানা যাবে বলে জানান বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মানিক।
