লিওনের মেসির চেয়ে এমবাপেকে মোকাবেলা করা কঠিন বলে জানিয়েছেন ফরাসি ক্লাব লিওঁর সেন্টার-ব্যাক মার্সেলো। তার বিশ্বাস, দ্রুতই বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জিতবে পিএসজি ফরোয়ার্ড।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোকে রুখে দেয় লিওঁ। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতে তেমন সুবিধা করতে পারেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি। আর্জেন্টাইন এই তারকার বিপক্ষে দারুণ লড়েছেন লিওঁর মার্সেলো।
চলতি মৌসুমে এরই মধ্যে পিএসজির সঙ্গে দুটি ম্যাচ খেলেছে লিওঁ। লিগ ওয়ানে ফিরতি লেগের ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় দলটি। চলতি লিগে পিএসজিকে হারানো তারাই একমাত্র দল।
পিএসজির বিপক্ষে ম্যাচ খেলার সুবাদে এমবাপের বিপক্ষেও লড়তে হয়েছে মার্সেলোকে। ফরাসি এই তরুণ ফুটবলারের প্রতিভাটা তাই ভালোই জানা হয়েছে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের।
মেসি-এমবাপের মধ্যে তুলনা করতে গিয়ে মার্সেলো বলেন, “সম্প্রতি আমি শীর্ষ পর্যায়ের কিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি। এর মধ্যে এমবাপের বিপক্ষে খেলার সময় আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।”
“মঙ্গলবার মেসি খুব ভালো খেলেনি। অন্যদিকে এমবাপে গতি, পজিশনিং ও মুখোমুখি লড়াইয়ে আমাকে ভুগিয়েছে। এমবাপেকে রোখা সবচেয়ে কঠিন কাজ।”
“আমি মনে করি, দ্রুতই বিশ্বসেরা হওয়ার বড় সম্ভাবনা আছে তার। মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর তুলনীয় হতে এখনো বেশ কিছু জায়গায় তার উন্নতি করতে হবে। তবে দ্রুতই উন্নতি করছে।”
