নতুন খেলোয়াড় কিনতে চেলসির ওপর নিষেধাজ্ঞা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৯ পিএম

নিয়ম ভেঙে কম বয়সী ফুটবলার দলে ভিড়িয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইংলিশ ক্লাব চেলসি। ফিফা জানিয়েছে, আগামী দুই দল-বদল বাজারে তারা কোনো নতুন খেলোয়াড় কিনতে পারবে না।

ফিফার শৃঙ্খলা কমিটি থেকে বিবৃতিতে বলা হয়েছে, চেলসি এবং ইংল্যান্ডের ফুটবল সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) দুই পক্ষই নিয়ম ভেঙেছে। এর মধ্যে চেলসি আর্টিকেল ১৯’র নিয়ম ভেঙে ২৯ জন ‘অপ্রাপ্তবয়স্ক’ খেলোয়াড় দলে ভেড়ায়। আর্টিকেল ১৮’র নিয়ম ভেঙে দুটি যৌথ চুক্তিতে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে তাদের বিপক্ষে।

ফিফার নিয়মে বলা আছে, কোনো ক্লাব ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়কে দলে নিতে পারবে না।

এই নিষেধাজ্ঞার কারণে চেলসি ২০১৯-২০ মৌসুমে আর কোনো নতুন খেলোয়াড় নিতে পারবে না।

বছরের নির্দিষ্ট একটি সময়ে ফিফার অনুমতি নিয়ে বিভিন্ন দেশের লিগগুলোতে খেলোয়াড় বেচাকেনা চলে। এটি সর্বোচ্চ ১২ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

চেলসি এবং এফএ দুপক্ষকেই জরিমানা করা হয়েছে। প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ছয় লাখ সুইস ফ্রাঁ জরিমানা দিতে হবে। এফএ’র যাবে পাঁচ লাখ ১০ হাজার সুইস ফ্রাঁ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত