চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি শিশুপার্ক উচ্ছেদ করে ৭১ ফুট স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। একই সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পুরনো সার্কিট হাউসে জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন চেয়েছেন তারা। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা ও মহানগর নেতারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি বলেন, ‘কাজীর দেউড়ি শিশুপার্কসহ সার্কিট হাউস মুক্তিযুদ্ধের স্মৃতিময় স্থান। পাকিস্তানি সেনারা সার্কিট হাউসের বিভিন্ন কক্ষে মুক্তিযোদ্ধাদের টর্চার করত। এখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হলে সবাই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক দেব প্রসাদ দাশ দেবু, শরফুদ্দিন আহমদ চৌধুরী রাজু প্রমুখ।
