সংস্কারের নামে নতুন জামায়াত তৈরি করা যাবে না : মেনন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫১ এএম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘মুক্তিযুদ্ধকে মেনে নেওয়া অথবা তার বিরোধিতার জন্য ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাকেও একইভাবে মানতে হবে। সংস্কারের নামে একটি নতুন জামায়াত তৈরি করা যাবে না। সেটা হবে আরও প্রতারণামূলক ও ভয়ঙ্কর।’ গতকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণা’ দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সম্প্রতি স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়ার প্রশ্নে দলের একাংশের আহ্বানের উল্লেখ করে মেনন বলেন, ‘সেটা ভালো কথা, কিন্তু যথেষ্ট নয়, বরং জামায়াতকে নিষিদ্ধকরণের মাধ্যমে তার পুনরুত্থান প্রচেষ্টা প্রতিরোধ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

সভার মূল আলোচক হিসেবে অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ‘স্বাধীনতাই যথেষ্ট নয়, স্বাধীনতার পর দেশটা কেমন হবে সেটাও উল্লেখ করা প্রয়োজন ছিল, যেটা সেদিনকার ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) তার কর্মসূচিতে তুলে ধরেছিল।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নেতা জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। এর আগে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে চকবাজার ট্রাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত