অভিনয়শিল্পীদের সম্মেলনে তথ্যমন্ত্রী

অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির বক্তব্য দায়িত্বজ্ঞানহীন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০২ এএম

পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির দেওয়া বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি বলেন, ‘যারা পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারে, তাদের মুখে অগ্নিকাণ্ড নিয়ে অমূলক সমালোচনা শোভা পায় না।’

চকবাজারের ঘটনার পরদিন গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘সরকারের উদাসীনতার কারণে এ ধরনের মর্মস্পর্শী ঘটনার পুনরাবৃত্তি, যা কোনোভাবেই কাম্য নয়।’

শিল্পকলা একাডেমিতে অভিনয়শিল্পী সংঘের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিদ্র রাত কাটিয়েছেন, বারবার দিকনির্দেশনা দিয়েছেন, সরকার পূর্ণ তৎপর রয়েছে। এ ধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে  পরিস্থিতি মোকাবিলা করতে বিএনপির সহায়তা করা উচিত।’ জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেশ আজ মর্মাহত, শোকাহত। এমন সময়ে গণশুনানির নামে নাটক না করে তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো।’ হাছান মাহমুদ বলেন, শিল্পচর্চা জাতিকে সমৃদ্ধ করে। দেশের সংস্কৃতি অঙ্গনে অভিনয়শিল্পীদের অবদান সমুন্নত রাখতে বর্তমান সরকার গণমাধ্যমের যুগান্তকারী বিকাশ সাধনসহ বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, তৌকীর আহমেদ, আফসানা মিমি, মাহফুজ, তানভীন সুইটি, তানিয়া, আহসান হাবিব নাসিমসহ অনেকে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত