দাপটের সঙ্গে ব্যাট চালিয়েছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজরা। তাদের নৈপুণ্যে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ব্যাটিংয়ে দারুণ প্রস্তুতি সেড়েছে বাংলাদেশ দল।
নিউ জিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটি অসাধারণ ব্যাটিংয়ে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪১১ রান।
১১৩ রানের ওপেনিং জুটিতে দলকে দারুণ একটি শুরু এনে দেন তামিম ও সাদমান। পাঁচ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হয়েছেন তিন ম্যাচ ওয়ানডেতে সিরিজের একটিতেও দুই অঙ্কের দেখা না পাওয়া তামিম। তার ৮৩ বলের ৪৫ রানের ইনিংসটিতে ছিল পাঁচ চার ও এক ছক্কা।
দারুণ ব্যাট চালিয়েছেন সাদমান। ১১৩ বলে ৯ চারে করেছেন ৬৭ রান। থিতু হয়ে ফিরেছেন ৩০ রান। অর্ধশতক করার পর স্বেচ্ছায় ফেরেন লিটন, মাহমুদউল্লাহ, মিরাজ।
৯১ বলে লিটনের ৬২ রানের ইনিংসটিতে রয়েছে ছয়টি চারের মার। তুলনামূলক মারমুখী ছিলেন মাহমুদউল্লাহ। ৬০ বলে তার ৫৯ রানের ইনিংসটিতে রয়েছে আটটি চারের, ছক্কার মার একটি। ৬৭ বলে খেলা মিরাজের ৫১ রানের ইনিংসটিতে রয়েছে ছয় চার ও দুই ছক্কা।
১০ নম্বরে ব্যাট করতে নামা আবু জায়েদ রাহি ২৬ বলে চার করে করেন ২৩ রান।
কিউই একাদশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন ব্লেইক কোবার্ন।
২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
দ্বিতীয় টেস্ট হবে ওয়েলিংটনে, ৮ মার্চ থেকে। ক্রাইস্টচার্চে হবে তৃতীয় ও শেষ টেস্ট ১৬ মার্চ থেকে।
এর আগে স্বাগতিকদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
